নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা

কঙ্ক ঘোষ

নাম: সুবোধ 

উচ্চতা: মাঝারি 

গায়ের রং: ধূসর 

নিরুদ্দেশ হবার সময় পরনে ছিল একটা ছেঁড়া প্যান্ট, গায়ে কোনো জামা ছিল না। উস্কোখুস্কো চুল, একমুখ দাড়ি। প্রতিবেশীরা জানিয়েছেন শেষবার হাতে একটা খাঁচা নিয়ে তাকে পালাতে দেখা গেছে। খাঁচার ভেতর ছিল একটা টকটকে লাল সূর্য। 

সুবোধ কে মনে পড়ে ? ওই যে ঢাকার দেওয়ালে, স্টেশনের পাশে, কিংবা আগারগাঁও এর গোধূলি ভেজা বিকেলে জঞ্জালের পাশে ধুঁকতে থাকা পাঁচিলের গায়ে শ্যেনদৃষ্টি তে তাকিয়ে ছিল  আপনার দিকে ? আজ বহুদিন হল সে নিখোঁজ। আপনাদের কাছে হয়ত তার প্রয়োজন ফুরিয়েছে। আমার ফুরায়নি। আপনার হয়তো দরকার নেই। কিন্তু আমার সুবোধ কে চাই। ‘স্বপ্ন নয়—শান্তি নয়—ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় ; আমি তারে পারি না এড়াতে…।’

আমি জানি সুবোধ কে খুঁজে আনার জন্য তদন্তের দাবি আপনারা করবেন না। আপনারাই তো রোজ তিলে তিলে তাকে উদ্বাস্তু বানিয়ে ছাড়লেন। বাজারের নিয়মকানুন না মানায়  সুবোধকে আপনারা রাস্তার মোড়ে কান ধরে উঠবোস করিয়েছিলেন, মনে আছে ? কি ভেবেছিলেন ? তারপরও সুবোধ সহ্য করবে ? সংখ্যাগরিষ্ঠের হেজিমনি কে চ্যালেঞ্জ করেছিল বলে আপনারা রাস্তায় ওকে প্রায় লিঞ্চড করে দিচ্ছিলেন, মনে পড়ে ? 

অস্তিত্বের সঙ্কট আর মূল্যবোধের সঙ্কটের মাঝে সুবোধ থাকত জানেন ! এই দুটো ক্রাইসিস মিলেমিশে  যেতে পারতো না শুধু সুবোধ ছিল বলে।  ফিজিক্যাল  আর সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের মধ্যে সুবোধ থাকত জানেন। দুটোকে মিশতে দিত না। ধর্ম আর রাষ্ট্রের মাঝে যে নোম্যান্স ল্যান্ড টা দেখছেন, সুবোধ ঐখানে থাকত। সুবোধের জন্যই নোম্যান্স ল্যান্ডে ‘এলকোহল’ আর ‘গঙ্গাজল’ মিশত  না। 

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া জানেন তো ? গুমরে থাকা বিপ্লবেরও পার্শ্বপ্রতিক্রিয়া আছে দাদা ! সুবোধ হারানোরও পার্শ্বপ্রতিক্রিয়া আছে। আপনার, আমার সবার সূর্যটা চুরি গেছে।   

এখনো সময় আছে, সুবোধ কে ফিরিয়ে আনুন, সু-বোধ ফিরিয়ে আনুন।

এখানে আপনার মন্তব্য রেখে যান